আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে দেশের অন্যতম আতিথেয়তা ও পরিবেশবান্ধব পর্যটন প্রতিষ্ঠান ছুটি গ্রুপ। প্রতিষ্ঠানটির তিনটি রিসোর্ট—ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি রিসোর্ট গাজীপুর—এই সনদের আওতাভুক্ত হয়েছে। অর্জিত সনদের নম্বর আইএসও/২৬০১০০৩৪।
ছুটি গ্রুপ জানিয়েছে, তাদের গুণগত ব্যবস্থাপনা ব্যবস্থা নিরীক্ষা ও নিবন্ধনের পর এই সনদ দেওয়া হয়েছে। বিশ্বের বহুল স্বীকৃত গুণগত ব্যবস্থাপনা মান হিসেবে পরিচিত আইএসও ৯০০১:২০১৫ সনদটি প্রদান করেছে পিডিসিএ ইন্টারন্যাশনাল লিমিটেড। এতে যুক্তরাজ্যের অ্যাক্রেডিটেশন সার্ভিস ফর ইন্টারন্যাশনাল বডিজ (এএসআইবি)-এর আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে।
সনদের আওতায় রিসোর্ট, আতিথেয়তা, আবাসন, খাদ্য ও পানীয় এবং বিনোদনমূলক সেবা অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ অতিথির বুকিং থেকে শুরু করে রিসোর্টে আগমন, আবাসন, খাবার, বিনোদন এবং প্রস্থান পর্যন্ত সেবার বিভিন্ন ধাপ এখন একটি নথিভুক্ত ও স্বাধীনভাবে নিরীক্ষিত গুণগত ব্যবস্থাপনা কাঠামোর আওতায় পরিচালিত হবে।
ছুটি গ্রুপের যাত্রা শুরু হয় ২০১২ সালের ১২ ডিসেম্বর। গাজীপুরের সুকুন্দি গ্রামের সবুজে ঘেরা পরিবেশে প্রথম ছুটি রিসোর্টের যাত্রা শুরু করেন একদল বন্ধু। তখন তাঁদের হাতে কোনো নির্দিষ্ট নকশা ছিল না; ছিল বাংলাদেশের মানুষের জন্য আনন্দময়, সাশ্রয়ী এবং প্রকৃতিবান্ধব ভ্রমণের সুযোগ তৈরির প্রত্যয়।
প্রতিষ্ঠার পর ১৪ বছরে সেই উদ্যোগ গাজীপুর, পূর্বাচল, পুবাইলসহ বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। এ সময়ে ছুটি গ্রুপের বিভিন্ন গন্তব্যে ২০ লাখের বেশি অতিথি ভ্রমণ করেছেন। প্রতিষ্ঠানটির দাবি, এই দীর্ঘ সময়ে অর্জিত অতিথিদের আস্থা ও সেবার মানের আনুষ্ঠানিক ও স্বাধীন স্বীকৃতি হিসেবেই আইএসও সনদটি গুরুত্বপূর্ণ।
ছুটি গ্রুপের লক্ষ্য হলো টেকসই পরিবেশবান্ধব পর্যটনে বাংলাদেশের অন্যতম প্রিয় আতিথেয়তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পরিবেশের প্রতি দায়িত্বশীল ভ্রমণকেন্দ্র গড়ে তোলা এবং প্রকৃতিনির্ভর ভ্রমণকে সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ছুটি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, আইএসও ৯০০১:২০১৫ কোনো এককালীন পুরস্কার নয়। সনদ ধরে রাখতে হলে ধারাবাহিকভাবে নির্ধারিত মান বজায় রাখতে হবে। এ জন্য ২০২৭ ও ২০২৮ সালে নির্ধারিত তদারকি নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটির গুণগত ব্যবস্থাপনা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করা হবে। সনদের নিবন্ধন ১৮ মে ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।
এই অর্জনের জন্য তিনটি রিসোর্টের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ছুটি গ্রুপ। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের প্রতিদিনের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও নিরলস প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
একই সঙ্গে ২০১২ সাল থেকে ছুটি গ্রুপের ওপর আস্থা রাখার জন্য অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, অতিথিদের আস্থা ও ভালোবাসাই টেকসই উন্নয়নের পথে এগিয়ে চলার অন্যতম প্রধান অনুপ্রেরণা।
