২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন।
ভর্তি নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
ভর্তি ফল দেখবেন যেভাবে
শিক্ষার্থীরা অনলাইনে সহজেই তাদের ভর্তি ফল ও বরাদ্দ পাওয়া কলেজের নাম জানতে পারবেন। এ জন্য প্রথমে একাদশ শ্রেণির ভর্তির সরকারি ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর ওয়েবসাইটের মূল পাতায় থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর নির্ধারিত ঘরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও নিবন্ধন নম্বর সঠিকভাবে দিতে হবে। এরপর পর্দায় প্রদর্শিত নিরাপত্তা যাচাইকরণ কোড নির্ধারিত ঘরে লিখে ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।
সব তথ্য সঠিক থাকলে পর্দায় ভর্তি ফলাফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয় এবং ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় আবেদন গ্রহণ শেষ হয়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন। এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন।
