ভিন্নতার পাশাপাশি পর্দায় বাস্তব চরিত্র ফুটিয়ে তুলতে ব্যাপক পরিশ্রম করেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তবে এবার ছাত্র, পুলিশ বা কুস্তিগির হয়ে নয়, একেবারে ‘সুপারহিরো’ হয়ে পর্দায় ফিরছেন তিনি।
বলিউড অন্দরের খবর, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক আর বাল্কির বিগ বাজেট ‘সুপারহিরো’ শিরোনামের সিনেমায় দেখা যাবে আমিরকে। তবে প্রজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর মধ্যেই শুরু হতে চলেছে চিত্রনাট্যের কাজ।
জানা গেছে, আমিরের কাছে সিনেমাটির প্রস্তাব পাঠিয়েছেন নির্মাতারা এবং অভিনেতাও এ নিয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন। তবে এখনও চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হননি তিনি। তাই অফিশিয়ালি বিষয়টি নিয়ে আপাতত মুখ খুলছেন না এই অভিনেতা।
চিত্রনাট্য থেকে শুরু করে চরিত্রের রূপায়ন, আগামী কয়েক মাস এই প্রস্তুতিতেই ব্যস্ত থাকবেন নির্মাতারা। বড় বাজেট ও বিশাল পরিসরের এই সিনেমার কেবল গল্প বা চরিত্রই নয়, সেট ডিজাইন, আবহ এবং সুপারহিরোর লুক নিয়েও চলছে সুদূরপ্রসারী পরিকল্পনা।
সিনেমা নির্বাচনে বরাবরই খুঁতখুঁতে আমির। গল্প ও চরিত্রে শতভাগ সন্তুষ্ট না হলে ক্যামেরার সামনে দাঁড়ান না তিনি। গুঞ্জন রয়েছে, নতুন এই ছবির চিত্রনাট্য নিয়েও নির্মাতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা চালাচ্ছেন এই অভিনেতা।
উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জমিন পার’ সিনেমায় অভিনয় করেছিলেন আমির খান। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। তবে বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রজেক্ট।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি
