‘স্পাইডার-ম্যান’ তারকা টম হল্যান্ড ও জেন্ডায়ার বিয়ে নিয়ে গুঞ্জনের শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাদের কথিত বিয়ের ছবিগুলোও রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। তবে এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন জেন্ডায়ার স্টাইলিস্ট ল’ রোচ।
২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের লালগালিচায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ল’ রোচ দাবি করেন, টম হল্যান্ড ও জেন্ডায়ার এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি। তার ভাষায়, ‘তারা আনুষ্ঠানিকভাবে বিবাহিত নন।’
টম ও জেন্ডায়ার বিয়ের ছবি হিসেবে যে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, সেগুলোও ভুয়া বলে দাবি করেন ল’ রোচ। তবে একই সঙ্গে মজার ছলে তিনি বলেন, ‘জেন্ডায়া অনেক দিন ধরেই টম হল্যান্ডের স্ত্রী।’
গত জানুয়ারি থেকেই এই দুই তারকার বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। গোল্ডেন গ্লোবসের লালগালিচায় ল’ রোচ নিজেই জানিয়েছিলেন, টম ও জেন্ডায়ার বিয়ে ‘ইতোমধ্যেই হয়ে গেছে’ এবং বিষয়টি ‘সত্যি’। তাঁর সেই মন্তব্যের পর থেকেই তাদের বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জেন্ডায়ার বিয়ের পোশাক পরা বেশ কিছু ছবি। পরে জানা যায়, এসব ছবির অনেকগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
এ নিয়ে চলতি বছরের মার্চে জিমি কিমেলের অনুষ্ঠানে মুখ খুলেছিলেন জেন্ডায়া। তিনি জানান, বাস্তবে বাইরে বের হলে অনেকেই তাকে বিয়ের ছবির জন্য অভিনন্দন জানাচ্ছিলেন। অথচ ছবিগুলো আসলে এআই দিয়ে তৈরি। এমনকি তাঁর কাছের অনেক মানুষও এসব ছবি দেখে বিভ্রান্ত হয়েছিলেন এবং বিয়েতে আমন্ত্রণ না পাওয়ায় মন খারাপ করেছিলেন।
টম হল্যান্ডও বিষয়টি নিয়ে মজা পেয়েছিলেন। এআই-তৈরি বিয়ের ছবি নিয়ে পরিবারের সদস্যদের আলাদা করে কোনো বার্তা পাঠাতে হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘না, কারণ তারা সবাই সেখানে ছিল।’
তবে নিজেদের বিয়ে নিয়ে এর বেশি কিছু বলেননি হল্যান্ড। বরং জেন্ডায়ার প্রশংসা করেছেন তিনি।
টম হল্যান্ড ও জেন্ডায়া এখন পর্যন্ত একসঙ্গে চারটি ‘স্পাইডার-ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন। চলতি বছরের জুলাইয়ে মুক্তি পেয়েছে তাদের অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এ ছাড়া ক্রিস্টোফার নোলানের পরিচালনায় ‘দ্য অডিসি’তেও একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।
