PRB Post

৩:৪২ PMবিনোদন

আমরা হ্যাপিলি ম্যারিড: প্রিসিলা

PRB Post

১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪২ PM2 মিনিট পড়া

বিনোদন ডেস্ক

আমরা হ্যাপিলি ম্যারিড: প্রিসিলা

‘আমরা ভাইরাল’ এর দৃশ্যে মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা

সামাজিকমাধ্যমে বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ ও তরুণ অভিনেত্রী প্রিসিলা ডি কস্তার একটি ছবি ঘিরে গত কয়েক দিন ধরে তৈরি হয়েছে নানা আলোচনা। ছবিতে সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যায় মামুনুর রশীদকে। তার পাশে হাঁটুর ওপর হাত রেখে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন প্রিসিলা। ছবিটি প্রকাশের পর তাদের বয়সের বিস্তর পার্থক্য নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি কেউ কেউ প্রশ্ন তুলেছেন- তবে কি নতুন করে সংসার শুরু করেছেন এই অভিনেতা?

আলোচনায় নতুন মাত্রা যোগ করেন প্রিসিলা নিজেই। সামাজিকমাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি লেখেন, ‘আমরা হ্যাপিলি ম্যারিড’। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় আরও জোরালো চর্চা। যদিও শেষ পর্যন্ত জানা গেছে, বাস্তব জীবনের কোনো সম্পর্ক নয়, বরং নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’-এর প্রচারণার অংশ হিসেবেই এমন আয়োজন করা হয়েছে।

৫২ পর্বের এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা এবং এর নানা নেতিবাচক প্রভাবকে ঘিরে। আল আমিন স্বপনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।

নাটকের গল্পে দেখা যাবে, মামুনুর রশীদের চরিত্রটি বয়সে অনেক ছোট প্রিসিলার চরিত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর সামাজিকমাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার নেশায় তারা নানা ধরনের কনটেন্ট তৈরি করতে থাকেন। সেই সূত্রেই তাদের জীবনে ঘটতে থাকে একের পর এক ঘটনা।

নির্মাতা সাজিন আহমেদ বাবুর ভাষ্য, ভাইরাল হওয়ার জন্য বর্তমান সময়ে কিছু মানুষ যে কোনো পর্যায়ে চলে যাচ্ছেন, সেটিই হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাটকে। পাশাপাশি ইতিবাচকভাবে ভাইরাল হয়ে সমাজে প্রভাব ফেলছেন এমন মানুষদেরও গল্পে জায়গা দেওয়া হয়েছে।

‘আমরা ভাইরাল’-এ মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তার সঙ্গে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন হাসান চুমকী, মৌসুমী হামিদ, আশরাফুল আলম সোহাগ, শাহজাদ ওমর, পারভেজ সুমন, সেমন্তি ডি-কস্তা, দিলরুবা তুষি, খায়রুল আলম টিপু, আহসান কবিরসহ আরও অনেকে।

পূবাইলে একটি শুটিং হাউস ও রিসোর্টে নাটকটির শুটিং হয়েছে। চিত্রগ্রহণ করেছেন মশিউর রহমান। সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন লিঙ্কন। আবহ সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।

নাটকটি প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, গল্পটি তার কাছে অন্যরকম লেগেছে। হাস্যরসের মাধ্যমে দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি পরিচিত কিছু বিষয়কে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

নির্মাতা জানিয়েছেন, টেলিভিশনে প্রচারের পাশাপাশি ‘আমরা ভাইরাল’ প্রকাশ করা হবে ইউটিউব চ্যানেল আর্টফ্রেমেও।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ধারাবাহিকটির প্রচার। প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘আমরা ভাইরাল’।

আরও পড়ুন