PRB Post

৬:৪৭ PMরাজনীতি

সিটি নির্বাচন: ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম জামায়াতের প্রার্থী

PRB Post

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৭ PM2 মিনিট পড়া
আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৫১ PM

অনলাইন ডেস্ক

সিটি নির্বাচন: ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম জামায়াতের প্রার্থী

ঢাকার ২ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে প্রার্থীদের নাম ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো। এবার এ দুই সিটিতে প্রার্থীর নাম জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরমধ্যে উত্তরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও দক্ষিণ সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে তিনি এ তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় নির্বাচনে সব দল আলাদাভাবে নির্বাচন করবে। সেজন্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের ২ প্রার্থী ঠিক করা হয়েছে। উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটিতে ডাকসু ভিপি সাদিক কায়েম নির্বাচন করবেন।’

কনফারেন্সে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর প্রসঙ্গেও কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘যারা প্রথাগত রাজনীতি করে এ ভূখণ্ডের ইতিহাস জানে না, তারা এ ধরণের আচরণ করতে পারে।’

এর আগে, ঢাকার ২ সিটি করপোরেশনে (উত্তর-দক্ষিণ) মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে এক সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন নাহিদ।

এসময় ২ সিটির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড-ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহীদ ও আহত পরিবারদের সঙ্গে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন