PRB Post

১৬ আগস্ট, ২০২৬, ৪:৩৩ PMঅন্যান্য

রাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, শুরু ৮ জানুয়ারি

PRB Post

১৬ আগস্ট, ২০২৬ এ ৪:৩৩ PM2 মিনিট পড়া

রাবি প্রতিনিধি

রাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, শুরু ৮ জানুয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে। এদিন ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক আবেদন আগামী ১২ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া ভর্তীচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবারও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর নতুন করে সিলেট ও ময়মনসিংহকে উপকেন্দ্র হিসেবে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে প্রশাসন ভবন-১-এর কনফারেন্সকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে ভর্তি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে এসব প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা।

এরপর ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ভর্তীচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত ও অবস্থানগত ভোগান্তি কমাতে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রামের আঞ্চলিক উপকেন্দ্রের পাশাপাশি এবার সিলেট ও ময়মনসিংহকে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার চূড়ান্ত সূচি, আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও অন্যান্য সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরও পড়ুন