PRB Post

১৩ অক্টোবর, ২০২৬, ৫:২৯ PM • জাতীয়

জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

PRB Post

১৩ অক্টোবর, ২০২৬ এ ৫:২৯ PM • 2 মিনিট পড়া
আপডেট: ১৩ অক্টোবর, ২০২৬ এ ৫:৩২ PM

অনলাইন ডেস্ক

জার্মান পর্যটকের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে ফিরিয়ে দেয় পুলিশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বেড়াতে এসে নাটোর রেলওয়ে স্টেশনে নিজের মহামূল্যবান ল্যাপটপ হারিয়ে বিপাকে পড়েছিলেন এক জার্মান পর্যটক। তবে পুলিশ প্রশাসনের দ্রুত ও যৌথ পদক্ষেপে সেটি উদ্ধার করে তার মালিকের কাছে সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানী ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হাতে তাঁর হারানো ল্যাপটপটি তুলে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিলের ল্যাপটপটি নিখোঁজ হয়। এটি উদ্ধারের জন্য নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে মাঠে নামে। ধারাবাহিক তল্লাশি ও অভিযানের অংশ হিসেবে গত ১১ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকার 'নূর ক্লোথিং স্টোর' থেকে ল্যাপটপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন জার্মান নাগরিক ক্রিল। গত ৭ অক্টোবর তিনি নাটোর স্টেশনে পৌঁছান এবং দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার ট্রেন ধরার আগে স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। ওই সময় ল্যাপটপ ও ক্যামেরা সেখানে রেখেই পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তিনি। ফিরে এসে জিনিসপত্র না পেয়ে তিনি দ্রুত নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চেয়ে লিখিত অভিযোগ করেন।

হারিয়ে যাওয়া ওই ল্যাপটপে তাঁর গত অর্ধবছরের কাজের গুরুত্বপূর্ণ ডেটাসহ নানা গোপনীয় নথিপত্র সংরক্ষিত ছিল। যে কারণে ডিভাইসটি ফিরে পাওয়া তাঁর জন্য অত্যন্ত জরুরি ছিল। পুলিশের তাৎক্ষণিক ও সমন্বিত অভিযানের মাধ্যমে সেটি উদ্ধার হওয়ায় তিনি পুলিশ বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা বেশ ইতিবাচক বলেও মন্তব্য করেন এই বিদেশি পর্যটক।

এদিকে বিদেশি নাগরিকের অভিযোগ আমলে নিয়ে দ্রুত ল্যাপটপ উদ্ধার ও পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে বিশেষ আর্থিক পুরস্কারে ভূষিত করেন আইজিপি।

এ সময় আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আন্তরিকতা, দ্রুত পদক্ষেপ ও দলগত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দেশের সব পুলিশ ইউনিটকে দেশি-বিদেশি নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী সেবা প্রদানে আরও বেশি দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

আরও পড়ুন