PRB Post

২৬ অক্টোবর, ২০২৬, ৪:১০ PM • জাতীয়

ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক জাভেদ

PRB Post

২৬ অক্টোবর, ২০২৬ এ ৪:১০ PM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক জাভেদ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের উদ্ভাবিত ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন করেছে বাংলাদেশ পেটেন্ট অফিস। রোববার (২৫ অক্টোবর) এ অনুমোদন দেওয়া হয়।

ন্যানোটেকনোলজি গবেষক ড. জাভেদ জানান, ২০২১ সালে তিনি পেটেন্টের জন্য আবেদন করেছিলেন। পাঁচ বছরের বেশি সময় আবেদনটির অনুমোদন মেলেনি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রক্রিয়াটি এগিয়ে যায়।

ড. জাভেদ পেটেন্ট পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, ‘ন্যানো ইউরিয়া কার্যকরভাবে প্রয়োগ করা গেলে সারের ব্যবহার-দক্ষতা বাড়বে, অপচয় কমবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং ফলন বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অতিরিক্ত সার ব্যবহারের ফলে পরিবেশের ওপর যে বাড়তি চাপ হয়, তাও কমবে।’

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘এই প্রযুক্তি কৃষকের উৎপাদন খরচ কমাতে পারে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং ইউরিয়া আমদানির ওপর নির্ভরতা কমাতেও ভূমিকা রাখতে পারে।’

তিনি বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্য গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনমূলক কাজে অনুপ্রেরণা জোগাবে।

ড. জাভেদ কেমিকৌশল বিভাগের অধ্যাপক। ২০১৩ সাল থেকে তিনি যবিপ্রবিতে নিজস্ব গবেষণাগার পরিচালনা করছেন। তার প্রতিষ্ঠিত ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (ন্যাম) ল্যাবে ন্যানোটেকনোলজি ও উন্নত উপকরণ নিয়ে গবেষণা চলছে।

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ড. জাভেদ জানান, উদ্ভাবনটির কার্যকর বাণিজ্যিকীকরণ, কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে প্রযুক্তিটি পৌঁছে দেওয়া এবং কৃষি ও শিল্প খাতে এর সম্ভাবনা কাজে লাগানোই এখন লক্ষ্য।

আরও পড়ুন