দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং এবং জুমার খুতবার সময় সচেতনতামূলক বার্তা প্রচারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সভাতেই প্রধান অতিথি হিসেবে এই নির্দেশনাসমূহ প্রদান করেন সরকারপ্রধান।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন যে, আসন্ন মাসগুলোতে ডেঙ্গুর বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এই সংকট মোকাবিলায় সব সরকারি সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে যেসব অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা যাচ্ছে, সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়ে অর্থাৎ পাড়া-মহল্লায় মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, জুমার নামাজের খুতবায় মুসল্লিদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা রাখার নির্দেশনাও দেওয়া হয়।
এছাড়া বৈঠকে সরকারি আবাসিক কলোনি এবং বিভিন্ন হাসপাতাল চত্বর সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে সফল করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরের মধ্যে কাজের সমন্বয় আরও দৃঢ় করার ওপর জোর দেওয়া হয়।
উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
