ডেঙ্গু ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম ও স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনের সূত্রে এ তথ্য জানা যায়।
মশাবাহিত ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ৯৯৬ জন।
শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯০ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৩৩ হাজার ৫৮৬ জন।
অপরদিকে, সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯৪৩ জন।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৬৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৬১ জন।
প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে নিশ্চিত ৫৭ জন এবং হামের উপসর্গ রয়েছে ৮৮৬ জনের শরীরে।
এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫৩ জনে এবং মোট হামের উপসর্গ মিলেছে ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ জনের শরীরে।
এছাড়া চলতি বছরে সারাদেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৬ হাজার ২৫৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন।
