PRB Post

১৭ আগস্ট, ২০২৬, ৫:৩১ PMসারাদেশ

শ্রীপুরের জঙ্গল থেকে ১২ ঘোড়ার মাথা ও দেহাবশেষ উদ্ধার

PRB Post

১৭ আগস্ট, ২০২৬ এ ৫:৩১ PM2 মিনিট পড়া

গাজীপুর প্রতিনিধি

শ্রীপুরের জঙ্গল থেকে ১২ ঘোড়ার মাথা ও দেহাবশেষ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো চক্র।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, সোমবার সকালে কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকা থেকে ১২টি ঘোড়ার মাথা ও দেহাবশেষ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা শিহাব শাহীন বলেন, “সকালে কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের পাশে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি জঙ্গলের ভেতর ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে রাস্তার দুই পাশে ছড়িয়ে-ছিটিয়ে ঘোড়ার বিভিন্ন অঙ্গ পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, কোনো মাংস ব্যবসায়ী সেখানে ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে।”

গোসিংগা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন প্রধান সাংবাদিকদের বলেন, “রোববার রাতের কোনো এক সময় মাংস ব্যবসায়ীরা সেখানে ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয় এক কৃষক ঘটনাস্থলে ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় পড়ে থাকতে দেখে আমাকে জানান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।”

প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফ সাংবাদিকদের বলছেন, “ঘটনাস্থলের আশপাশে দুই কিলোমিটার কোনো বাড়িঘর নেই। আমরা ধারণা করছি, ঘোড়াগুলো জবাই করে দেহের বিভিন্ন অংশ ফেলে রেখে দুষ্কৃতকারীরা মাংস নিয়ে গেছে। আমরা তাদের খোঁজ করছি।”

ঘোড়ার দেহাবশেষগুলো মাটিচাপা দেওয়া হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন