PRB Post

৮ আগস্ট, ২০২৬, ৩:৪৯ PMজাতীয়

রাজনীতির ‘নতুন বন্ধুদের’ সংশোধন হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

PRB Post

৮ আগস্ট, ২০২৬ এ ৩:৪৯ PM2 মিনিট পড়া
আপডেট: ৮ আগস্ট, ২০২৬ এ ৬:৫৫ PM

নিজস্ব প্রতিবেদক

রাজনীতির ‘নতুন বন্ধুদের’ সংশোধন হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের রাজনীতির ‘নতুন বন্ধু’দের সংশোধন হওয়ার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমদ।

তার ভাষায়, ‘আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে পুরাতন বন্দোবস্তের ধারায়। তাদেরকে সংশোধন হতে বলব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক কঠিন, বন্ধুর এবং কণ্টকাকীর্ণ পথ। এতো সহজ নয়।’

শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয়বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণঅভ্যুত্থান নিউটনের কোনো আপেল ছিল না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটি ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল। এটাকে আমাদের পাকাতে হয়েছে, অটোমেটিক ছিড়ে পড়েনি। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আপেলকে এই আন্দোলনকে, এই গণঅভ্যুত্থানকে আমাদের পেড়ে নিতে হয়েছে।’

তিনি বলেন, ‘কেউ যদি মনে করে, মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভেতরে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা। সেজন্য বলি, রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্যশ্রেণির ছাত্র হিসেবে যদি সবকিছু বুঝে নিয়েছি বলা হয়, আমি তাদেরকে বলব, নতুন দলের নতুন বন্ধুদের, পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বন্ধুরা, যারা গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গী ছিল, কখনো কখনো তারা লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনে শরিক ছিল। প্রকাশ্যে তারা খুব বেশি মাঠে-ময়দানে আন্দোলন করেনি। আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে-ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়।’

তিনি বলেন, ‘যারা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্বকে ছিনতাই করতে চায়, যার ওপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে আমরা অনেকবার বলেছি, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেইল করেছে। একাত্তরের চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেইল করেছে।’

শেখ হাসিনা একাত্তরের চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে গিয়ে বসে আছে বলেও এসময় উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে- এটা একটা প্রবাদ হয়ে গিয়েছে। প্রবক্তা আমি হলেও প্রবাদ হতে তো অসুবিধা নেই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে।’

আরও পড়ুন