PRB Post

৬ আগস্ট, ২০২৬, ১২:৫৫ PMআন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলা, ঘরবাড়িতে আগুন

PRB Post

৬ আগস্ট, ২০২৬ এ ১২:৫৫ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলা, ঘরবাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। হামলাকারীরা কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয়। খবর আনাদোলু এজেন্সির।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণ হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার খিরবেত আল-তুবা গ্রামে এই হামলা হয়। আহতদের মধ্যে তিন নারী রয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, হামলায় কয়েকটি বাড়ি পুড়ে যায়। আগুনের ধোঁয়ায় নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়েন।

এদিকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। বেথলেহেম, রামাল্লাহ ও আল-বিরেহ শহরে তল্লাশি চালানো হয়। আল-বিরেহে তিনটি বাড়ি খালি করে সেগুলোকে সামরিক চৌকিতে পরিণত করা হয়েছে।

এ ছাড়া জেরুজালেমের উত্তরে কালানদিয়া শরণার্থী শিবির ও কাফর আকাবে অভিযান চালিয়ে প্রায় ১৫ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর মারধরে আরও আটজন আহত হন। আহত ও অসুস্থদের কাছে চিকিৎসাকর্মীদের পৌঁছাতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। এ সময় সেখানে ১ হাজার ১৮২ জনের বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার আহত এবং প্রায় ২৪ হাজার মানুষ আটক হয়েছেন।

আরও পড়ুন