PRB Post

২৪ অক্টোবর, ২০২৬, ১:৪৯ PM • জাতীয়

ফুটপাতে পার্কিং করা ছিল আসিফ আকবরের গাড়ি, সিএনজিতে এসে গুলি করে দুর্বৃত্ত

PRB Post

২৪ অক্টোবর, ২০২৬ এ ১:৪৯ PM • 2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

ফুটপাতে পার্কিং করা ছিল আসিফ আকবরের গাড়ি, সিএনজিতে এসে গুলি করে দুর্বৃত্ত

 

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতে পার্কিং করা আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়িটি আগে থেকেই রাখা ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ তালিকার মাধ্যমে সেটি জব্দ করে পুলিশ।

এদিকে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তবে এই হামলার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিশাল সেন্টারের নিচে ফুটপাতে আসিফ আকবরের গাড়িটি পার্কিং করা ছিল। এ সময় তিনি তার অফিসে অবস্থান করছিলেন। এই ঘটনায় আমরা গাড়ি থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি এবং আসিফ আকবর নিজেও কোনো কিছুই বলতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

 

আরও পড়ুন