পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের ওপর হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক আগ্রাসনকে জঘন্য ও অমার্জনীয় অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান।
সোমবার (১২ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটির ওলামা কাউন্সিলের চেয়ারম্যান এবং গবেষণা ও ইফতা বিষয়ক সাধারণ প্রেসিডেন্সির এই শীর্ষ প্রধান তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, হুথি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ স্থাপনাগুলো নিশানা করে বর্বর হামলা চালাচ্ছে। বিশেষ করে পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদের পানে ছুটে চলা আল্লাহর মেহমান ও নিরাপরাধ সাধারণ মানুষকে হত্যা করার মতো নৃশংসতা জঘন্যতম পাপের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এ ধরনের অপরাধের জন্য কঠিন আযাবের কথা ঘোষণা করা হয়েছে।
শায়খ সালেহ আল-ফাওজান আরও উল্লেখ করেন, ঐতিহ্য সাক্ষ্য দেয় যে— আল্লাহর ঘরের দিকে যাত্রা করা সম্মানিত মানুষদের ওপর যারা অতর্কিত আক্রমণ চালায়, কোনো অপরাধী চক্রই শেষ পর্যন্ত করুণ পরিণতি বা ধ্বংসের হাত থেকে রেহাই পায়নি।
বিবৃতির শেষাংশে সৌদি গ্র্যান্ড মুফতি মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করেন, যেন এই আগ্রাসী ও সন্ত্রাসীচক্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় এবং বিশ্ববাসীর পাশাপাশি সৌদি আরবসহ সমগ্র মুসলিম উম্মাহকে সব ধরনের বিপদ থেকে নিরাপদ রাখা হয়।
