জেলার সুবর্ণচর উপজেলায় আজ পুকুরের পানিতে গোসল করতে নেমে স্বর্ণা রানী কাহার (৭) ও রূপা রানী কাহার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু পরস্পর আপন বোন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট সংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু স্বর্ণা রানী কাহার ও রূপা রানী কাহার জেলার সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা কৃষ্ণ কাহারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানী বাথরুমে ছিলেন। এ সময় তার দুই মেয়ে স্বর্ণা রানী কাহার ও রূপা রানী কাহার বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে বাথরুম থেকে বের হয়ে পিংকী রানী পুকুরঘাটে মেয়েদের দেখতে না পেয়ে পাশের বাড়িতে খুঁজতে যান। সেখানেও তাদের না পেয়ে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে পুকুরের পানিতে বুদ্বুদ উঠতে দেখে পিংকী রানীর সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক পুকুরে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি পুকুর থেকে তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
