PRB Post

১০:২৫ AMসারাদেশ

ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

PRB Post

১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৫ AM2 মিনিট পড়া
আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে এ কমিটি গঠন করা হয়।

হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দীন খান, ফায়ার সার্ভিসের একজন সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের একজন প্রকৌশলী।

এর আগে সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।

অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এক শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতে হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মৃত চারজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে তাদের পরিবার নিশ্চিত করেছে। অন্য দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতি এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে পাঁচ সদস্যের কমিটি।

আরও পড়ুন