মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশ ধরতে নামছেন পটুয়াখালীর জেলেরা। এ উপলক্ষে জেলার মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে ট্রলার ও জাল প্রস্তুতসহ শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে।
নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দীর্ঘ বিরতির পর আবারও ইলিশ আহরণের আশায় বুক বাঁধছেন উপকূলের জেলেরা।
ইতোমধ্যে অনেকে ট্রলার মেরামত, জাল সেলাই এবং মাছ ধরার প্রয়োজনীয় রসদ সংগ্রহের কাজ শেষ করেছেন। কাঙ্ক্ষিত ইলিশের সন্ধানে গভীর সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ৪৮৪টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৪৮ জন জেলেকে কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া ১৬৭টি মামলা দায়ের, ৩ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২০ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা গভীর সাগরে নির্বিঘ্নে মাছ ধরতে পারলে এবার বিপুল পরিমাণ ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, মা ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
