PRB Post

১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ AM • আন্তর্জাতিক

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

PRB Post

১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৮ AM • 2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

 

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়।

বুধবার ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট এ তথ্য জানায়। জোটের দাবি, মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে। পরে মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই সেটি ভূপাতিত করা হয়। ড্রোনটির ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণাঞ্চলে গিয়ে পড়ে।

আল-মালিকি বলেন, এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সেটিকেও মক্কাকে লক্ষ্য করে হুতিদের হামলার চেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি।

এদিকে মক্কাকে লক্ষ্য করে হুতিদের হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সংস্থাটি এ ধরনের হামলাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে উল্লেখ করে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তায়েফে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এসব হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বছরের পর বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত আবারও বেড়েছে।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশ দখল করার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন