PRB Post

১৮ আগস্ট, ২০২৬, ৫:১৯ PMসারাদেশ

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার

PRB Post

১৮ আগস্ট, ২০২৬ এ ৫:১৯ PM2 মিনিট পড়া

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার ক্রিস্টাল আইস উদ্ধার

বিজিবির অভিযানে উদ্ধারকৃত ক্রিস্টাল আইস আইস ও অস্ত্র।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ক্রিস্টাল আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সোমবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে তাদের থামার সংকেত দেওয়া হয়। এ সময় বিজিবির সদস্যদের দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে।

পরে বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়। প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়ার একপর্যায়ে মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সড়কে ঢুকে পড়ে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির কিছুটা দূরত্ব তৈরি হয়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া ক্রিস্টাল আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল মেথ-আইস উদ্ধারের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন