PRB Post

১৬ অক্টোবর, ২০২৬, ১০:৪২ AM • জাতীয়

কাঠমান্ডু–কক্সবাজার সরাসরি ফ্লাইট চায় বাংলাদেশ, ঢাকা–পোখরা রুটে আগ্রহী নেপাল

PRB Post

১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২ AM • 2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

কাঠমান্ডু–কক্সবাজার সরাসরি ফ্লাইট চায় বাংলাদেশ, ঢাকা–পোখরা রুটে আগ্রহী নেপাল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

 

বাংলাদেশের কক্সবাজার ও নেপালের রাজধানী কাঠমান্ডুর মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ঢাকা থেকে নেপালের পর্যটননগরী পোখরা পর্যন্ত বিমান চলাচল চালুর প্রস্তাব দিয়েছে নেপাল। দুই দেশের মধ্যে পর্যটন বিনিময় বৃদ্ধি এবং আকাশপথে যোগাযোগ আরও সহজ করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হলে নেপালের পর্যটকদের জন্য সরাসরি কক্সবাজার ভ্রমণের নতুন সুযোগ তৈরি হবে। এর ফলে বাংলাদেশের জনপ্রিয় সমুদ্রসৈকতকেন্দ্রিক পর্যটন খাত আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নেপালের পতাকাবাহী বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইনস কাঠমান্ডু থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালু করবে। এতে দুই দেশের মধ্যে পর্যটকের যাতায়াত বাড়বে এবং পর্যটন খাতে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।

অন্যদিকে, নেপাল ঢাকা–পোখরা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এ রুটে সরাসরি বিমান চলাচল চালু হলে দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ হবে এবং পর্যটকদের ভ্রমণে নতুন সুযোগ সৃষ্টি হবে।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, পর্যটক বিনিময় বৃদ্ধি, আকাশপথে যোগাযোগ উন্নয়ন এবং পর্যটন খাতের উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

উভয় পক্ষই পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

 

আরও পড়ুন