PRB Post

১২ আগস্ট, ২০২৬, ২:৩৬ PMআন্তর্জাতিক

যুদ্ধ থামিয়ে চুক্তির পথে যুক্তরাষ্ট্র-ইরান? সুখবর দিল পাকিস্তান

PRB Post

১২ আগস্ট, ২০২৬ এ ২:৩৬ PM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

যুদ্ধ থামিয়ে চুক্তির পথে যুক্তরাষ্ট্র-ইরান? সুখবর দিল পাকিস্তান

দীর্ঘদিনের অচলাবস্থার পর মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্তির অনুকূলেই এগোচ্ছে। মঙ্গলবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মূলত কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে পুনরায় জাহাজ চলাচল শুরুর বিষয়ে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বর্তমানে তেহরান সফর করছেন। তবে ওমানের সঙ্গে চুক্তি হলেও হরমুজ প্রণালি এখনই পুরোপুরি খুলে দেওয়া হবে কি না, তা নিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই সংশয় প্রকাশ করেছেন। এদিকে শান্তির সম্ভাবনা তৈরি হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর অবস্থান কঠোর রেখেছেন। সোমবার তিনি ইরানের কাছে বিভিন্ন হামলায় নিহতদের ক্ষতিপূরণ দাবি করেন। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প চুক্তির জন্য কোনো ধরনের তাড়াহুড়ো করছেন না। অন্যদিকে ইরান যুদ্ধ বন্ধের পাশাপাশি জব্দ করা সম্পদ ফেরত দেওয়া এবং আগের চুক্তি লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ দাবি করছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক আলী বায়েজের মতে, দুই পক্ষের এসব শর্তের কারণেই সমঝোতার পথ এখনো অনিশ্চিত। চুক্তি নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলারে পৌঁছেছে। পাশাপাশি সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। মঙ্গলবার মার্কিন অবরোধ এড়িয়ে পালানোর সময় একটি পানামার জাহাজে মার্কিন নৌবাহিনী গুলি চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওমান উপসাগর, লোহিত সাগর, লিবিয়া, রাশিয়া ও সৌদি আরবের তেল শোধনাগারেও সাম্প্রতিক সময়ে হামলার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক আনোয়ার গারগাশ সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ ও শান্তির দোলাচলে থাকতে পারে না। বৃহত্তর স্বার্থেই এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা প্রয়োজন।

আরও পড়ুন