PRB Post

৬ আগস্ট, ২০২৬, ১:০১ PMঅন্যান্য

জাকসু ভিপিকে ঘিরে আ'লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রশক্তি নেতার পোস্ট, ক্যাম্পাসে ফের বিতর্ক

PRB Post

৬ আগস্ট, ২০২৬ এ ১:০১ PM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

জাকসু ভিপিকে ঘিরে আ'লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রশক্তি নেতার পোস্ট, ক্যাম্পাসে ফের বিতর্ক

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপিকে ঘিরে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিস্ফোরক ফেসবুক পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম।

বুধবার (৬ আগস্ট) ভোরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি জাকসু নির্বাচনের আগে ও পরে ভিপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ উত্থাপন করেন।

পোস্টটি ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেসবুক পোস্টে ছাত্রশক্তির ওই নেতা দাবি করেন, জাকসু নির্বাচনের আগে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল যে একজন ভিপি প্রার্থী আওয়ামী লীগপন্থী কয়েকজন শিক্ষকের কাছ থেকে অর্থায়ন পাচ্ছেন। একই সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও ওই প্রার্থীকে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল বলেও তিনি শুনেছিলেন।

তিনি আরও লেখেন, নির্বাচনী প্রচারণার সময় ওই প্রার্থীর চারপাশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল দৃশ্যমান। এমনকি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার গোপন বৈঠকের কথাও সে সময় শোনা গিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তখন এসব অভিযোগকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রসঙ্গ টেনে পোস্টে তিনি প্রশ্ন তোলেন, “অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে মিলাতে পারছেন তো?” পোস্টে তাজউদ্দীন হলের সাবেক ছাত্রলীগকর্মী আসাদুল আলমের নাম উল্লেখ করে দাবি করা হয়, তিনি বর্তমানে আওয়ামী লীগের অর্থায়নে পরিচালিত একটি অনলাইন পোর্টাল পরিচালনা করছেন।

ওই নেতার অভিযোগ, আসাদুল আলম উপাচার্যকে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত করে একটি সংবাদ প্রকাশ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিল। সে সময় জাকসুর ভিপি তাকে উপাচার্যের বাসভবনে নিয়ে গিয়ে সমঝোতা করেন বলে পোস্টে দাবি করা হয়। এছাড়া অতীতের বিভিন্ন সময় আসাদুল আলমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ হলেও জাকসুর ভিপি তাকে রক্ষা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পোস্টার সাঁটানো ও দেয়াল লিখনের ঘটনাও উল্লেখ করে ছাত্রশক্তি নেতা রিয়াজুল দাবি করেন, এসব কর্মকাণ্ডের পেছনেও প্রভাবশালী কোনো পক্ষের সমর্থন থাকতে পারে। পোস্টের শেষাংশে তিনি লেখেন, “সামনে হয়তো আরও অনেক রহস্যের জট খুলবে।”

এসব বিষয়ে জানতে জাকসুর (ভিপি) আব্দুর রশিদ জিতুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন