হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সবজি ব্যবসায়ী উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মশহুদ আহাম্মদ (৪০) ঘটনাস্থলেই মারা যান। অন্য দুইজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়না মিয়া ও কাশেম মিয়া।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুইজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো শেরপুর হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।
