বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছেন ফাতেমা আক্তার। দেশের জন্য নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন দশম শ্রেণির এই শিক্ষার্থী।
এশিয়ান গেমস সামনে রেখে ফাতেমা বর্তমানে বাংলাদেশ সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবের কোচ রাশেদ আলমের তত্ত্বাবধানে নিবিড় প্রশিক্ষণ নিচ্ছেন। তার সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন আরেক সার্ফার মোহাম্মদ মান্নান।
আগামী সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এই আসরেই প্রথমবারের মতো সার্ফিংয়ে বাংলাদেশের অভিষেক হওয়ার কথা রয়েছে। আর সেই ঐতিহাসিক যাত্রায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নিচ্ছেন ফাতেমা।
কক্সবাজারের ঢেউয়ে প্রতিদিনের কঠোর অনুশীলনের মধ্য দিয়ে নিজের দক্ষতা আরও শাণিত করছেন তিনি। এশিয়ান গেমসে ভালো করার পাশাপাশি দেশের জন্য স্মরণীয় সাফল্য এনে দেওয়াই এখন তার প্রধান লক্ষ্য।
ফাতেমার এই যাত্রা বাংলাদেশের নারী সার্ফিংয়ের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
সূত্র : ডেইলি ওয়াদা
