PRB Post

২৮ আগস্ট, ২০২৬, ১২:৫৭ PMখেলাধুলা

১২৫ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক

PRB Post

২৮ আগস্ট, ২০২৬ এ ১২:৫৭ PM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

১২৫ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক

 

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ যোগ দিচ্ছেন প্রিমিয়ার লিগের চেলসিতে। অ্যাস্টন ভিলার এই আর্জেন্টাইন গোলরক্ষককে মাত্র সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াতে সমঝোতায় পৌঁছেছে দুই দল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকা।

২০২২ সালের বিশ্বকাপ আর্জেন্টিনাকে জেতাতে অসাধারণ ভূমিকা ছিল এই তারকা গোলরক্ষকের। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের অন্তিম লগ্নে কোলো মুয়ানির নিশ্চিত গোল বাঁচান। এরপর পেনাল্টি শুটআউটে তার অসামান্য সেভ আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বমঞ্চে ট্রফি এনে দেয়। সেই আসরে তিনি সম্মানজনক ‘গোল্ডেন গ্লাভস’ জেতেন।

চেলসির বর্তমান স্প্যানিশ গোলরক্ষক সানচেজের টানা বাজে পারফরম্যান্সের কারণে ক্লাবটি মার্তিনেজের প্রতি আগ্রহ দেখায়। নতুন কোচ জাবি আলোনসোর আগ্রহেই চেলসিতে যোগ দিচ্ছেন এমিলিয়ানো। খুব শিগগির লন্ডনে এসে তিনি দুই বছরের চুক্তির সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবেন।

অ্যাস্টন ভিলার হয়ে ২৫৬টি ম্যাচ খেলা এই ৩৩ বছর বয়সী তারকা কিছুদিন আগে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু আঙুলের ইনজুরির কারণে শেষ পর্যন্ত সেই দলবদল বাতিল হয়ে যায়। একই সময়ে অ্যাস্টন ভিলা নতুন গোলরক্ষক হিসেবে জায়ন সুজুকিকে দলে নেয়। এতে মার্তিনেজের ক্লাব ছাড়ার পথ সহজ হয়ে যায় এবং চেলসি সেই সুযোগটি কাজে লাগায়। যদিও এই ট্রান্সফার এমিলিয়ানোর মতো গোলরক্ষকের জন্য খুবই সামান্য, তবুও আর্জেন্টাইন ‘বাজপাখি’কে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত চেলিসি কর্তৃপক্ষ।

স্ট্যামফোর্ড ব্রিজে এই অভিজ্ঞ তারকার আগমন ব্লুজদের গোলপোস্টের দীর্ঘদিনের শঙ্কা দূর করবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। নতুন মৌসুমে কোচের প্রধান পছন্দ হয়েই তিনি মূল একাদশে জায়গা পেতে যাচ্ছেন। টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া সানচেজের বদলে বিশ্বজয়ী এই গোলরক্ষকের উপস্থিতি রক্ষণে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে সমর্থকদের প্রত্যাশা।

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত হন মার্তিনেজ। আর্সেনালে থাকাকালে একাধিকবার ধারে খেললেও স্থায়ীভাবে তাকে দলে ভেড়াতে প্রায় ১৭ মিলিয়ন ইউরো খরচ করেছিল অ্যাস্টন ভিলা।

সূত্র: গোল ডটকম

আরও পড়ুন