নেইমার জুনিয়র
মুখ খুলেছেন নেইমার জুনিয়র। শৈশবের ক্লাব সান্তোসে নিজের ভবিষ্যতের কথা জানিয়েছেন তিনি । অন্তত চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সান্তোসেই থাকছেন। একই সঙ্গে ফুটবল থেকে ২০২৬ সালে অবসরের গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন এই ফুটবল লিজেন্ট। ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।
সোমবার নেইমার জুনিয়র ইনস্টিটিউটের ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নেইমার বলেন, ‘আমি জানি না আর কতদিন খেলবো। অবসরের কথাও ভাবছি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি সেই চুক্তি সম্মান করতে চাই এবং সান্তোসের জার্সির জন্য সর্বোচ্চটা দিতে চাই। এরপর ভাববো — সান্তোসেই থাকবো, অন্য কোথাও যাবো, নাকি খেলা চালিয়ে যাবো। এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।’
৩৪ বছর বয়সী এই তারকা জানান, শারীরিকভাবে তিনি এখন ভালো অবস্থায় আছেন এবং মাঠে দিন দিন আরও উন্নতি করছেন। তার ভাষায়, ‘শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি। মাঠে প্রতিদিন আরও ভালো হচ্ছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীকাল আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’
নেইমার নিশ্চিত করেছেন, কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে রেমোর বিপক্ষে ম্যাচে তিনি সান্তোস দলের সঙ্গে থাকবেন। সতীর্থরা আগেই বেলেমের উদ্দেশে রওনা দিলেও একটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি সাও পাওলোতে ছিলেন। মঙ্গলবার ব্যক্তিগত বিমানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
কোচের জন্য নিজের প্রস্তুতির বার্তা দিয়ে নেইমার বলেন, ‘আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে সান্তোসকে সর্বোচ্চভাবে সাহায্য করতে চাই।’
অনুষ্ঠানে নেইমার তার সামাজিক উদ্যোগ নেইমার জুনিয়র ইনস্টিটিউট নিয়েও আবেগঘন মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি যা করি, হৃদয় থেকে করি। আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় লক্ষ্য হলো এই ইনস্টিটিউট।’
উল্লেখ্য, সান্তোস ও রেমোর মধ্যকার কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
