PRB Post

৪ আগস্ট, ২০২৬, ২:২৫ PMআন্তর্জাতিক

দাবানলে যুক্তরাষ্ট্রে ৭০০ ভবন ভস্মীভূত, ৬৪ হাজার মানুষ ঘরছাড়া

PRB Post

৪ আগস্ট, ২০২৬ এ ২:২৫ PM3 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

দাবানলে যুক্তরাষ্ট্রে ৭০০ ভবন ভস্মীভূত, ৬৪ হাজার মানুষ ঘরছাড়া

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে অন্তত ৭০০ ভবন ধ্বংস হয়ে গেছে। দেশটির অঙ্গরাজ্য ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেনের উপকণ্ঠ গত তিন দিন ধরে জ্বলছে দাবানলে। এতে জীবনের ঝুঁকিতে ঘরবাড়ি ছেড়েছেন প্রায় ৬৪ হাজার মানুষ। গতকাল সোমবার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম জুড়ে ছড়িয়ে পড়া অসংখ্য দাবানলের মধ্যে স্পোকেন এলাকার এই তিনটি অগ্নিশিখাই বর্তমানে যুক্তরাষ্ট্রের অগ্নিনির্বাপক বাহিনীর জন্য প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার স্পোকেন শহরের উত্তরাঞ্চলীয় এলাকায় দাবানল সৃষ্টির পর থেকে ইতোমধ্যে ৮ হাজার একরেরও বেশি বনভূমি ভস্মীভূত হয়েছে। ঘন ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে শহরের আকাশ এবং মূল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে আগুনের লেলিহান শিখা। বিমান থেকে লাল রঙের আগুনরোধী কেমিক্যাল ছিটিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তাণ্ডবে বেশ কয়েকটি লোত কালয় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাবানল নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র বেঞ্জামিন কসেল জানান, আগের দিন যেখানে মাত্র ৪ হাজার মানুষের ওপর এলাকা ছাড়ার নির্দেশ ছিল, সোমবার তা বাড়িয়ে ৬৪ হাজার করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ৭০০ ভবন পুড়ে ছাই হলেও ড্রোন ও ইনফ্রারেড সমীক্ষায় ইঙ্গিত মিলছে যে আরও প্রায় ৪০০ বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে। অগ্নিনির্বাপক দলগুলো আগুন নেভানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। তবে কোনো প্রাণহানি বা আহত হওয়ার সুনির্দিষ্ট খবর নেই।

তবে নিখোঁজ থাকা মানুষের সংখ্যা থেকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কর্মকর্তারা। বর্তমানে স্পোকেন এলাকার এই আগুন নেভাতে কাজ করছেন প্রায় ১১০ কর্মকর্তা ও অগ্নিনির্বাপক সদস্য। জাতীয় স্তরে যুক্তরাষ্ট্রে প্রায় ২৯,২০০ কর্মী বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন। গবেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী খরা, অতিমাত্রা তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলেই প্রতি বছর দাবানলের এই ভয়াবহতা বেড়েই চলেছে। আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় সোমবার ও মঙ্গলবার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার জানিয়েছে, গত রোববারই দেশটির ১৫টি অঙ্গরাজ্যে ১০০টিরও বেশি নতুন বড় দাবানল ছড়িয়ে পড়েছে, যার সিংহভাগই উত্তর-পশ্চিম অঞ্চলে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ জানান, স্পোকেনের আগুনসহ কেবল তাদের রাজ্যেই ১৫টি বড় দাবানল জ্বলছে, যার আওতায় পুড়ে গেছে আড়াই লাখ একরেরও বেশি জমি। তিনি এই মৌসুমকে উত্তর-পশ্চিম অঞ্চলের জন্য একটি ‘ভয়াবহ দাবানল মৌসুম’ বলে অভিহিত করেন। মার্কিন সীমান্ত পেরিয়ে কানাডার বৃটিশ কলাম্বিয়াতেও রেকর্ড খরার কারণে দাবানল বিপজ্জনক ও ‘বিস্ফোরক রূপ ধারণ করেছে।

গত সোমবার পর্যন্ত স্পোকেনের তিনটি দাবানলের কোনোটিকেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ বছর আগস্টের শুরু পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে ৪৪,৭২২টি দাবানল রেকর্ড করা হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। এই সকল দাবানল প্রায় ৫২ লাখ একর জমি গ্রাস করেছে। বিজ্ঞানীরা বলছেন, উত্তর আমেরিকা ও ইউরোপজুড়ে দীর্ঘস্থায়ী খরা ও চরম দাবদাহ মূলত মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনেরই পরিণতি।

আরও পড়ুন