পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পর্যটনকেন্দ্রগুলোকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে ছুটি রিসোর্টের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পূর্বাচলের ছুটি রিসোর্টে প্রায় ২০০টি দেশীয় বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে।
ছুটি রিসোর্ট ও ইনার হুইল ক্লাব অব উত্তরা’র যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি রিসোর্টে আগত অতিথিরাও অংশ নেন।
প্রতিবছরের মতো এ বছরও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সবুজায়নের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ছুটি গ্রুপ। চলতি বছর গ্রুপের বিভিন্ন রিসোর্ট ও প্রকল্প এলাকায় মোট ৪ হাজার ৫০০টি নতুন বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত ১৮ মে ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা সাহা মীমের নিজ হাতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এবারের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পরবর্তীতে এর ধারাবাহিকতায় মাইলস্টোনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হারিয়ে যাওয়া ৩৫ প্রাণের স্মরণে গত ১৬ জুলাই গাজীপুরের পুবাইলে ছুটি রিসোর্ট ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার যৌথ উদ্যোগে ‘সবুজের মাঝে অমর তোমরা’ শীর্ষক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণের স্মৃতিকে একটি করে বৃক্ষের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
এরপর ছুটি গ্রুপের চলমান সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টেও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার পূর্বাচলের ছুটি রিসোর্টে ছুটি রিসোর্ট ও ইনার হুইল ক্লাব অব উত্তরা’র যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে চলতি বছরের বৃক্ষরোপণ অভিযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী বছর আরও বৃহৎ পরিসরে সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছে ছুটি গ্রুপ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ছুটি রিসোর্ট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস। ইনার হুইল ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮-এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামীম খান্দাকার, ইনার হুইল ক্লাব অব উত্তরা’র প্রেসিডেন্ট নাদিয়া আলী, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ক্লাবের সম্মানিত সদস্যরা।
ছুটি গ্রুপ মনে করে, বৃক্ষরোপণ কেবল পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলার দায়িত্বও। বিশেষ করে পর্যটনকেন্দ্রগুলোকে প্রকৃতিনির্ভর, নান্দনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সবুজায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করা, দেশীয় বৃক্ষ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোকে আরও সবুজ ও টেকসই করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ছুটি রিসোর্ট। একই সঙ্গে ছুটি রিসোর্টে রোপণ করা বৃক্ষের নান্দনিকতা উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
