বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) তৈরি করেছে ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক। বুধবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এসব কোচ রোল আউট করার কথা রয়েছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য কোচগুলোতে বিশেষভাবে তৈরি রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট রয়েছে। এসি কোচে ফ্যান, সমন্বিত সিসিটিভি নজরদারি ব্যবস্থা ও যাত্রীদের জন্য অ্যালার্ম সিস্টেম রাখা হয়েছে। এছাড়া আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ ও নামাজের কক্ষ রয়েছে। বাংলাদেশের বিশেষ পরিচালন পরিস্থিতি বিবেচনায় কোচগুলোর ছাদও শক্তিশালী করা হয়েছে। নিরাপত্তার দিক থেকেও কোচগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইউরোপীয় মানদণ্ড ইএন ১৫২২৭ অনুসরণ করে সংঘর্ষের ক্ষেত্রে তুলনামূলক বেশি নিরাপত্তা নিশ্চিত করার মতো নকশা করা হয়েছে। এ জন্য কোচের বডি শেলের নকশায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়া ভারতীয় রেলের প্রচলিত ৭৫০ ভোল্টের পরিবর্তে বাংলাদেশ রেলওয়ের প্রয়োজন অনুযায়ী এসব কোচে ৪১৫ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা রাখা হয়েছে। পিআইবি জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরির সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৫-১৬ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রেলওয়েকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল। এরপর ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ে সাত ধরনের ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির নতুন অর্ডার দেয়। এবারের ১৯ কোচের রেক সেই অর্ডারেরই প্রথম চালান।
ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
PRB Post
১২ আগস্ট, ২০২৬ এ ২:৪৫ PM • 2 মিনিট পড়া
অনলাইন ডেস্ক
