বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে-ই বাংলার মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ নিয়ে সকলের মনে একই প্রশ্ন- কেমন উইকেটে খেলবে টাইগাররা। অবশ্য বিস্তারিত উত্তর দিতে পারেননি প্রধান কোচ ফিল সিমন্সও।
বাংলাদেশের এই কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল উইকেট কেমন, কেমন সিরিজ আশা করছেন। জবাবে তিনি বলেন, ‘উইকেট এখনও দেখিনি। কঠিন সিরিজ আশা করছি। ভারতে দুর্দান্ত খেলে এসেছে তারা। তাই এই সিরিজেও কঠিন লড়াই করতে হবে।’
পরে খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে সিমন্স বলেন, ‘কয়েকজন খেলোয়াড় আছে, যারা টেস্ট ও ওয়ানডে দুদলেই খেলেন। বলব না আইডিয়াল। তবে তারা তো খেলার মধ্যেই আছেন। বসে ছিলেন না। আমরা এই দুদিন পুরো দল নিয়ে ভালো প্রস্তুতি নিতে পারছি কি না এটা গুরুত্বপূর্ণ।’
আবুধাবি টেস্ট নিয়ে সিমন্স বলেন, ‘আমরা যেভাবে চেয়েছি, ছেলেরা সেভাবেই খেলেছে। উইকেট ভালো ছিল। শেষ দিকে উইকেট ভালো ছিল, যেটা আমরা হবে বলে মনে করিনি। তবে এই টেস্ট আমাদের জেতা উচিৎ ছিল। আমরা রানআউট মিস করেছি, ক্যাচ ছেড়েছি। তবে ভুল করেছি বলেও মনে করি না।’
লিটন খেলবেন কি না প্রশ্নের জবাবে টাইগার কোচের উত্তর, ‘আমি যতটা জানি সে আছে। যদি রাতে কিছু বদলে যায়, জানাব। এখন সে এভেইলেবল।’
