PRB Post

৭ অক্টোবর, ২০২৬, ১২:৩২ PM • আইন ও বিচার

স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

PRB Post

৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৩২ PM • 2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

 

বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর স্ত্রী দাবি করা মাত্রই স্বামীকে তা পরিশোধ করতে হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। দেনমোহর পাওয়ার জন্য স্ত্রীকে বিবাহবিচ্ছেদ কিংবা স্বামীর মৃত্যুর মতো কোনো ঘটনার জন্য অপেক্ষা করতে হবে না।

দেনমোহর সংক্রান্ত একটি দেওয়ানি রিভিশন মামলার নিষ্পত্তি করে বিচারপতি আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ ও রায় দেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ রায়ে আদালত পর্যবেক্ষণ করেন, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী যদি দেনমোহর পরিশোধে অযথা গড়িমসি বা কালক্ষেপণ করেন এবং স্ত্রীকে দেনমোহর আদায়ের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করেন, তাহলে সংশ্লিষ্ট বিচারিক আদালত স্বামীকে মূল দেনমোহরের পাশাপাশি স্ত্রীকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবেন।

হাইকোর্ট আরও স্পষ্ট করে বলেন, দেওয়ানি চুক্তি বা আইনের সুস্পষ্ট ব্যত্যয় ঘটিয়ে কোনো অবস্থাতেই দেনমোহরের কোনো অংশ কমানো, হ্রাস করা কিংবা মওকুফ করার আইনগত এখতিয়ার কোনো আদালতের নেই।

বিদ্যমান মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালায় বকেয়া দেনমোহরের বিষয়টি উল্লেখ থাকলেও ঠিক কখন তা পরিশোধ করতে হবে, সে বিষয়ে সুস্পষ্ট আইনি ব্যাখ্যা ছিল না। এর ফলে সমাজে একটি ধারণা প্রচলিত ছিল যে বিবাহবিচ্ছেদ কিংবা স্বামীর মৃত্যুর পরই কেবল বকেয়া দেনমোহর দাবি করা যায়।

হাইকোর্টের এই রায়ের মাধ্যমে দেনমোহর পরিশোধের সময়সংক্রান্ত দীর্ঘদিনের আইনি অস্পষ্টতার অবসান ঘটল।

রায়ে পবিত্র কোরআনের বিভিন্ন সুরার প্রাসঙ্গিক আয়াতের উল্লেখ করে আদালত বলেন, ইসলামে দেনমোহর ফেলে রাখা বা বকেয়া রাখার সুযোগ নেই। এটি স্ত্রীর তাৎক্ষণিক ও অবিচ্ছেদ্য প্রাপ্য অধিকার।

মামলার আইনজীবী ব্যারিস্টার ইশরাত হাসান এই রায়কে দেশের আইনি অঙ্গন ও নারীর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে বকেয়া দেনমোহর আদায়ের ক্ষেত্রে নারীদের দীর্ঘদিনের বঞ্চনার পথ বন্ধ হলো।

তিনি আরও বলেন, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও এখন কোনো স্বামী দেনমোহর পরিশোধে টালবাহানা করতে পারবেন না। নারীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় দেশের বিচারিক ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

আরও পড়ুন