রাজধানীর শ্যামবাজারে অবৈধভাবে পলিথিন বিক্রি ও গুদামজাত করার দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে দুটি গুদাম থেকে প্রায় ৮ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে ডিএসসিসি, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
অভিযানকালে অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাত করার অপরাধে দুই ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।
ডিএসসিসি জানায়, শ্যামবাজারের দুটি গুদামে অভিযান চালিয়ে ১৪২ বস্তায় রাখা মোট ৪ হাজার ৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দ পলিথিনের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।
জব্দকৃত পলিথিন পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেনের হেফাজতে দেওয়া হয়েছে।
অভিযানে শ্যামবাজার মার্কেটের সভাপতি গণি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ফেরদৌস মেহবুবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে অবৈধ পলিথিনের বিক্রি ও মজুত বন্ধে ডিএসসিসি, পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য সংস্থার যৌথ অভিযান অব্যাহত থাকবে।
