PRB Post

১০:৫২ AMঅন্যান্য

শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

PRB Post

১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫২ AM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

 

শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই। শুক্রবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আমীরুল ইসলামের জানাজা ও দাফনের সময় ও স্থান নির্ধারণ করা হয়নি। তার পরিবার ও দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

আমীরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। শিশুদের জন্য গল্প, ছড়া ও বিভিন্ন ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি। দীর্ঘ সাহিত্যজীবনে তার লেখনী শিশু-কিশোরদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন আমীরুল ইসলাম। তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

শিশুসাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন