শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদিয়া হক ২০২৪-২০২৫ মেয়াদের জন্য জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট—UNCTAD) কর্তৃক দক্ষিণ এশিয়ার ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ হিসেবে নিযুক্ত হয়েছেন। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব পেলেন।
আগামী সেপ্টেম্বর জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার জেনেভা সদর দফতরে এ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ হিসেবে সাদিয়া হক দক্ষিণ এশিয়ার ডিজিটাল অর্থনীতি ও ডিজিটাল বাণিজ্যবিষয়ক নীতিনির্ধারণী আলোচনায় নারী নেতৃত্বাধীন প্রযুক্তি ব্যবসার স্বার্থ ও অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি তিনি এ উদ্যোগের আওতায় আয়োজিত আঞ্চলিক মাস্টারক্লাস ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেবেন।
‘ই-ট্রেড ফর উইমেন’ উদ্যোগটি বিশ্বের বিভিন্ন অঞ্চলের সফল নারী ব্যবসায়ী নেতাদের একত্র করে। এর লক্ষ্য হলো সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীতিনির্ধারণী আলোচনায় নারী উদ্যোক্তাদের মতামত ও অভিজ্ঞতার প্রতিফলন নিশ্চিত করা।
এর আগে ভারত, কেনিয়া, মিসর, কলম্বিয়া, মালয়েশিয়া, সেনেগাল, নাইজেরিয়া ও ফিলিপাইনের নারী ব্যবসায়ী নেতারা এ দায়িত্ব পালন করেছেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় সাদিয়া হক বলেন, “এমন একটি সময়ে এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি, যখন দক্ষিণ এশিয়ার ডিজিটাল অর্থনীতি নারী উদ্যোক্তাদের জন্য নতুন নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করছে।”
তিনি বলেন, প্রযুক্তিভিত্তিক ব্যবসা গড়ে তোলা নারীদের জন্য নেটওয়ার্ক, মূলধন, জ্ঞান ও একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক নীতিনির্ধারণী পর্যায়ে এ অঞ্চলের নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতা তুলে ধরার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
২০১৪ সালে কাশেফ রহমানের সঙ্গে যৌথভাবে শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করেন সাদিয়া হক। প্রতিষ্ঠার পর থেকেই তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছেন।
তাঁর নেতৃত্বে শেয়ারট্রিপ বাংলাদেশের ভ্রমণ খাতে স্বয়ংক্রিয় রিফান্ড, তারিখ পরিবর্তন ও টিকিট বাতিলের মতো বিভিন্ন ডিজিটাল সেবা চালু করে। পাশাপাশি দেশের শত শত হোটেল ও রিসোর্টকে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত করে সেবার পরিধি বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
শেয়ারট্রিপ বাংলাদেশের ভ্রমণ খাতে প্রথম ‘সুপারব্র্যান্ড’ খেতাব অর্জন করে। এছাড়া ২০১৮ সাল থেকে টানা ছয় বছর ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
