দেশের পর্যটন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি সালাহউদ্দিন সুমন নামেই বেশি পরিচিত।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড তাকে ‘ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করেছে।
রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত শনিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অ্যান্টার্কটিকা, অ্যামাজন ও আর্কটিকসহ বিশ্বের বিভিন্ন দূরবর্তী অঞ্চলের ভিডিও তৈরির পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যবাহী স্থান, কম পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ জীবন তুলে ধরে দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন সালাহউদ্দিন সুমন।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের ১,৪৯৮টি পর্যটন স্থান উন্নয়নে সরকার সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং লিজ বা ইজারা মডেলের আওতায় বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
তিনি পিপিপি প্রকল্প এবং ইজারা ব্যবস্থার জন্য প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ পর্যটন খাতের উন্নয়নের পাশাপাশি সরকারের জন্যও সুফল বয়ে আনবে।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, দেশের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং এর সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে কাজ করছে বোর্ড।
তিনি জানান, উদ্যোক্তা, উদ্ভাবক এবং এই খাতের কনটেন্ট ক্রিয়েটরদের স্বীকৃতি ও উৎসাহ দিতেই বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়েছে।
এছাড়া ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ইউএন ট্যুরিজমের মহাসচিব শায়খা নাসের আল নোয়াইস এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ হামিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের প্রধান এবং ভ্রমণ ও পর্যটন খাতের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
