ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর বিশেষ প্রদর্শনী। ‘বনলতা এক্সপ্রেসের ঘরে ফেরা’ শিরোনামের এ আয়োজনে চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত কলেজের সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনাও দেওয়া হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ওআরডব্লিউএ) আয়োজনে এ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল ছুটি গ্রুপ।
আয়োজকরা জানান, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের পরিচালক তানিম নূরসহ বেশ কয়েকজন কলাকুশলী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সাবেক শিক্ষার্থী। তাদের সম্মাননা ও সংবর্ধনা জানাতেই এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চলচ্চিত্রটির পরিচালক তানিম নূরের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিলা নূর, শরীফুল রাজ, শ্যামল মাওলা, মনিরুল ইসলাম রুবেল ও আরেফিন জিলানীসহ চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা। কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

বিশেষ প্রদর্শনীকে ঘিরে সাবেক শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে রেসিডেনসিয়াল মডেল কলেজের অডিটোরিয়াম হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজনে বক্তারা দেশীয় চলচ্চিত্রের বিকাশে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
কলেজের অধ্যক্ষও দেশীয় চলচ্চিত্রের বিকাশ এবং প্রাক্তন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটি দর্শক-সমালোচকদের প্রশংসা পায়। পরবর্তী সময়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘হইচই’-তেও মুক্তি দেওয়া হয় সিনেমাটি।
একটি চলচ্চিত্রের পরিচালক ও কলাকুশলীদের নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসাকে কেন্দ্র করে আয়োজিত এ বিশেষ প্রদর্শনী তাই হয়ে ওঠে এক অর্থে ‘বনলতা এক্সপ্রেসের ঘরে ফেরা’—যেখানে চলচ্চিত্রের পাশাপাশি উঠে আসে প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য ও তাদের প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের ভালোবাসার গল্প।
