PRB Post

১১ আগস্ট, ২০২৬, ১২:০৪ PMজাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ

PRB Post

১১ আগস্ট, ২০২৬ এ ১২:০৪ PM1 মিনিট পড়া
আপডেট: ১১ আগস্ট, ২০২৬ এ ১২:৩০ PM

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত হবে। তাই নির্বাচন বিভিন্ন প্রস্তুতি, ভোটের পরিবেশ ও সংসদকক্ষে ভোট গ্রহণের ব্যবস্থাপনা নিয়ে আজকের বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন