পর্যটন কার্নিভাল উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় ৬ কিলোমিটার দীর্ঘ বিচ ম্যারাথন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গঙ্গামতী সৈকতে গিয়ে শেষ হয় এ ম্যারাথন। এতে প্রায় এ হাজার পর্যটক অংশগ্রহণ করেন।
ম্যারাথন শেষে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও ঘ্রাণে উৎসবস্থলে ছড়িয়ে পড়ে গ্রামবাংলার চিরচেনা আমেজ। সকালের স্নিগ্ধ পরিবেশ, সমুদ্রের উত্তাল ঢেউ ও সূর্যোদয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে দৌড়ে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
কার্নিভালের অংশ হিসেবে দিনব্যাপী ভলিবল ও সেলিব্রেটি ক্রিকেট প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল রোববার (২৫ অক্টোবর) ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এ উৎসব।
এর আগে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় চিত্রনায়িকা পূর্ণিমার স্টেজ শো, চিশতি বাউল ও প্রীতম হাসানের সংগীত পরিবেশনা এবং সাদ্দাম মালের কমেডি শো। এ ছাড়া দিনব্যাপী ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিচ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
