PRB Post

১০ আগস্ট, ২০২৬, ৭:২০ PMঅন্যান্য

পর্যটন খাতের সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে টোয়াব-বাটজা

PRB Post

১০ আগস্ট, ২০২৬ এ ৭:২০ PM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

পর্যটন খাতের সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে টোয়াব-বাটজা

আগারগাঁওয়ে টোয়াব কার্যালয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে বাটজার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিদ্যমান সংকট সমাধানে সরকার, ব্যবসায়ী ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)।

পর্যটন ব্যবসায়ীদের সমস্যা সমাধান, পর্যটনবান্ধব নীতিমালা প্রণয়ন এবং দেশের পর্যটন গন্তব্যগুলোকে দেশ-বিদেশে আরও কার্যকরভাবে তুলে ধরতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই সংগঠনের নেতারা।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে টোয়াব কার্যালয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে বাটজার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

সভায় দেশের পর্যটন খাতের বর্তমান পরিস্থিতি, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং এ শিল্পকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন দুই সংগঠনের নেতারা।

বৈঠকে টোয়াব নেতারা বলেন, দেশের পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের কার্যকর নজরদারি ও সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি ট্যুর অপারেটরদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। পর্যটন খাতের বিকাশে বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন এবং যথাযথ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তারা।

বাটজা নেতারা বলেন, পর্যটন শিল্পের টেকসই বিকাশে সরকার বা ব্যবসায়ীদের একক উদ্যোগ যথেষ্ট নয়। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পর্যটন ব্যবসায়ী ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে পর্যটন খাতের সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক উদ্যোগগুলো গণমাধ্যমে তুলে ধরে এ শিল্পের বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মতবিনিময় সভায় অভ্যন্তরীণ পর্যটনকে আরও জনপ্রিয় করার পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। দেশের সম্ভাবনাময় পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, কার্যকর প্রচার ও ব্র্যান্ডিং এবং পর্যটনসেবার মান বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, পর্যটন গন্তব্যগুলোর যথাযথ প্রচার হলে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানো সম্ভব। এ জন্য পর্যটনকেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

সভা শেষে পর্যটন শিল্পের উন্নয়নে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের সিদ্ধান্ত নেয় টোয়াব ও বাটজা। খাতটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত মতবিনিময় এবং প্রয়োজনীয় উদ্যোগে দুই সংগঠন একসঙ্গে কাজ করবে বলেও জানান নেতারা।

আরও পড়ুন