PRB Post

২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ PM • জাতীয়

পর্যটন বিকাশে ১৯ হাজার কোটি টাকার ৬০ প্রকল্পের প্রস্তাব

PRB Post

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩১ PM • 2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

পর্যটন বিকাশে ১৯ হাজার কোটি টাকার ৬০ প্রকল্পের প্রস্তাব

 

দেশের পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান বাড়াতে প্রায় ১৯ হাজার কোটি টাকার ৬০টি উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। একই সঙ্গে সারাদেশে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে ‘বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা এবং এর বিকাশে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন অংশীজন ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সভায় পর্যটন শিল্পের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, দেশের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে চিহ্নিত করার উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্পটের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রায় ১৯ হাজার কোটি টাকার ৬০টি উন্নয়ন প্রকল্প প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে পর্যটন শিল্প থেকে জাতীয় অর্থনীতিতে ৮ থেকে ১০ শতাংশ অবদান রাখা সম্ভব হবে। একই সঙ্গে পর্যটন শিল্পে বর্তমানে কর্মরত প্রায় ২৪ লাখ মানুষের সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দেশে সার্কুলার ইকোনমির ভিত্তি তৈরি এবং গ্রামীণ অর্থনীতিও সচল হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন পর্যটন শিল্পের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা, রাস্তা-ঘাট, যানবাহন, বিমানবন্দর, নৌবন্দর ও আবাসনসহ মৌলিক অবকাঠামোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, পর্যটন সম্ভাবনাময় কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা চালু করতে হবে। পাশাপাশি দক্ষ গাইড তৈরি, ঐতিহ্যবাহী ও আঞ্চলিক রান্নার প্রসার এবং পর্যটন বিকাশে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের পক্ষ থেকে দেশের পর্যটন শিল্পের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক হাওলাদার।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান বলেন, সভায় পাওয়া বিভিন্ন সুপারিশ ও মতামতের ভিত্তিতে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে।
 

আরও পড়ুন