PRB Post

২৩ আগস্ট, ২০২৬, ৩:২৪ PMআন্তর্জাতিক

নতুন স্কুল ভবন নির্মাণের দাবিতে জেনারেশন আলফার বিক্ষোভ

PRB Post

২৩ আগস্ট, ২০২৬ এ ৩:২৪ PM1 মিনিট পড়া

আন্তর্জাতিক ডেস্ক

নতুন স্কুল ভবন নির্মাণের দাবিতে জেনারেশন আলফার বিক্ষোভ

ভাটপুরওয়া সামুহিতে স্কুল ভবন নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছে জেন আলফার শিশুরা।

ভারতের উত্তর প্রদেশে নতুন স্কুল ভবন নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছে জেনারেশন আলফার শিক্ষার্থীরা। রাজ্যের যমুনা নদীর তীরবর্তী ভাটপুরওয়া সামুহি গ্রামের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্কুল ভবন নির্মাণের দাবিতে বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ না করে বাইরে বসে বিক্ষোভ করে। তাদের দাবি, সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা এসে নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবে না।

শিক্ষার্থীদের অভিযোগ, স্কুল ভবন নির্মাণের বিষয়টি এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। অনলাইন মাধ্যমেও বিষয়টি একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়াঙ্কা তিওয়ারি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকে। বিক্ষোভের সময় অনেক শিক্ষার্থীর হাতে ভারতের জাতীয় পতাকাও দেখা যায়।

এ ঘটনাকে স্কুলের মৌলিক অবকাঠামোর দাবিতে শিশু শিক্ষার্থীদের সরাসরি প্রতিবাদের সাম্প্রতিক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে উত্তর প্রদেশের হামিরপুরে প্রায় ৩০০ শিক্ষার্থী স্কুলে যাওয়ার উপযোগী রাস্তার দাবিতে ৬ কিলোমিটার হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। লখনৌতে প্রায় ২৫০ ছাত্রী শিক্ষক সংকট ও মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ করে।

এ ছাড়া উন্নাও জেলায় দুই শতাধিক শিক্ষার্থী সড়কে বসে মোহন-বঙ্গারমাউ সড়ক অবরোধ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেনারেশন জেডের পর উত্তর প্রদেশে জেনারেশন আলফার শিক্ষার্থীরাও এখন নিজেদের অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দাবিতে সরাসরি প্রতিবাদে নামছে।

সূত্র: এনডিটিভি
 

আরও পড়ুন