ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। প্রাথমিক বুথফেরত জরিপে বিরোধী জোট এগিয়ে থাকার ইঙ্গিত মিললেও মধ্যরাতের সর্বশেষ জরিপে ঘুরে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দল।
কান ১১ ও চ্যানেল ১৩ সংবাদ নেটওয়ার্কের প্রকাশিত সর্বশেষ বুথফেরত জরিপ অনুযায়ী, দুই প্রতিদ্বন্দ্বী জোটই সমান ৫৩টি করে আসন পেতে পারে।
অন্যদিকে, চ্যানেল ১২ তাদের বুথফেরত জরিপ সংশোধন করে জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৫০টি আসন এবং নেতানিয়াহুর জোট ৫২টি আসন পেতে পারে। এর আগে চ্যানেল ১২-এর প্রাথমিক জরিপে নেতানিয়াহুবিরোধী জোট সামান্য এগিয়ে ছিল।
ইসরায়েলের আইন অনুযায়ী, পার্লামেন্ট নেসেটে সরকার গঠন করতে হলে কোনো জোটকে কমপক্ষে ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে হবে। ফলে বুথফেরত জরিপে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ইঙ্গিত দিতে পারেনি।
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ শুরু করেছে। এখন পর্যন্ত আড়াই শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
তবে চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচনে কোন জোট এগিয়ে থাকবে এবং শেষ পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে পারবে, তা স্পষ্ট হবে না। এজন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
