রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি ভেকু ও পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি মিরপুর মডেল থানার ডিউটি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
জানা গেছে, মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকু ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।
