রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে আগামী ৬ নভেম্বর শুরু হচ্ছে ‘মনপাখি’ শীর্ষক দলীয় চিত্রকর্ম প্রদর্শনী। ১২ জন প্রতিশ্রুতিশীল শিল্পীর অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনী চলবে ১২ নভেম্বর পর্যন্ত। শিল্প ও সৃজনশীলতাভিত্তিক এ আয়োজনের উদ্যোক্তা ‘আদ্যোপান্ত’।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর লালমাটিয়ার হাউস ৬/৪, ব্লক ডি-তে অবস্থিত ভূমি গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে শিল্পানুরাগী, চিত্রকর্মপ্রেমী ও দর্শনার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ইশরাত জাহান, কনক আদিত্য, মামুন হোসাইন, মো. রবিউল ইসলাম, মঞ্জুর রশিদ, নার্গিস আক্তার পুনম, সঞ্জীব দাস অপু, শাহিন সোভানা সুরভী, শক্তি নোমান, তানিয়া তোফায়েল হক, উপমা দাস তৃণা ও জেমরিনা হক।
১২ জন শিল্পীর মনন, ভাবনা ও সৃজনশীলতায় আঁকা পাখির চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে ‘মনপাখি’। পাখির সৌন্দর্য, বৈচিত্র্য ও প্রকৃতির সঙ্গে মানুষের অনুভূতির সম্পর্ক শিল্পের ভাষায় তুলে ধরার সুযোগ তৈরি করবে এ প্রদর্শনী। বিভিন্ন শিল্পীর দৃষ্টিভঙ্গি ও শৈলীতে পাখির প্রতিচিত্র দর্শকদের সামনে নতুনভাবে উপস্থাপিত হবে।
আয়োজক ‘আদ্যোপান্ত’ তাদের তৃতীয় দলীয় শিল্পকর্ম প্রদর্শনী হিসেবে ‘মনপাখি’ আয়োজন করছে। এ প্রদর্শনীর মাধ্যমে শিল্পীদের সৃজনশীল কাজ দর্শকদের কাছে তুলে ধরার পাশাপাশি শিল্প ও শিল্পানুরাগীদের মধ্যে সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রদর্শনীটি ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
