PRB Post

৭ অক্টোবর, ২০২৬, ১১:১৬ AM • আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

PRB Post

৭ অক্টোবর, ২০২৬ এ ১১:১৬ AM • 2 মিনিট পড়া
আপডেট: ৭ অক্টোবর, ২০২৬ এ ১২:০৯ PM

অনলাইন ডেস্ক

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

 

কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাহাজটিতে আগুন ধরে গেলে সেখান থেকে ২৩ জন ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড বাহিনী।

মঙ্গলবার এ ঘটনা ঘটে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের জাহাজটিতে নৌ ড্রোন আঘাত হানে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিতে মোট ২৩ জন নাবিক ছিলেন এবং তারা সবাই ভারতীয় নাগরিক। কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর সময় পুরো জাহাজ আগুনে জ্বলছিল। আগুনের তীব্রতার কারণে নাবিকদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়। তবে শেষ পর্যন্ত সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

নাবিকদের উদ্ধারের পর রাশিয়ার দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জাহাজটিতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার পর জ্বলতে থাকা জাহাজটির কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে সমুদ্রের পানির ওপর জাহাজটিকে দাউদাউ করে জ্বলতে দেখা যায়। জাহাজটি থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি উঠতেও দেখা যায়।

রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলীয় রিসোর্ট শহর সোচির কাছাকাছি সাইরিয়াস এলাকায় হামলাটি ঘটে। ঘটনার পর সাইরিয়াসের সব সাগরতীরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলাটি ইউক্রেনের চালানো বলে ধারণা করা হচ্ছে। কারণ, রুশ অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে জড়িত জাহাজগুলোর ওপর নজরদারি ও নিষেধাজ্ঞার অংশ হিসেবে ‘আফরাম্যাক্স রিও’ ট্যাঙ্কারটি এর আগে ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।

হামলার ঘটনায় জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তবে ২৩ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

সূত্র: এএফপি, ফার্স্টপোস্ট

আরও পড়ুন