PRB Post

৩০ আগস্ট, ২০২৬, ৬:৫৯ PMসারাদেশ

কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

PRB Post

৩০ আগস্ট, ২০২৬ এ ৬:৫৯ PM1 মিনিট পড়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। তারা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের কয়েকজন ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফেরার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এসময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। 

আরও পড়ুন