PRB Post

১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৩ PMজাতীয়

যেকোনো সময় পে-স্কেল ঘোষণা: মুখ্য সচিব

PRB Post

১৬ আগস্ট, ২০২৬ এ ৩:৫৩ PM2 মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

যেকোনো সময় পে-স্কেল ঘোষণা: মুখ্য সচিব

পে-স্কেল নিয়ে সুসংবাদ দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি জানালেন, সরকারি চাকুরেদের নতুন এই বেতন কাঠামো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে।  

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আব্দুস সাত্তারের ভাষায়, ‘পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।’

পে-স্কেল ঘোষণার ফলে অর্থনীতিতে অতিরিক্ত চাপ ও মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, ‘না, সেটা আমাদের মাথায় আছে। সাধারণত পাঁচ-ছয় বছর পর পর পে-স্কেল হওয়ার কথা। কিন্তু বিগত সরকার ১১ বছর যাবত কোনো পে-স্কেল ঘোষণা করেনি। যার ফলে এই ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারী আমরা চাপের মধ্যে আছি।’

তিনি বলেন, ‘মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়াতে হবে। এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা তাদের মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার যে সমন্বয়, সেটা দাবি করে। এজন্য এটা ধারাবাহিকতা, পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হওয়ার কথা। কিন্তু আজকে প্রায় ১২ বছর হয়ে যাচ্ছে।’

মূল্যস্ফীতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, ‘আমরা কর্মসংস্থান করব, তারপরে প্রোঅ্যাক্টিভিটি বাড়াবো। বিভিন্ন ক্ষেত্রে যারা অনেক চ্যালেঞ্জের মধ্যে আছেন, সেগুলো এক এক করে আমরা মোকাবিলা করব।’

বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাজারে কিছু সমস্যা আছে, এটাও আমরা চেষ্টা করছি। জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব হয়েছে। এটা ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।’

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, ‘এই ধরনের সংকট দিনে দিনে ঠিক করা যায় না, সময় লাগে। আমরা বহুমুখী সাপ্লাই চেইন সৃষ্টি করছি। রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এমনকি চীন থেকেও জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি।’ 

আরও পড়ুন