PRB Post

৪ নভেম্বর, ২০২৬, ৬:০১ PM • আইন ও বিচার

গোয়েন্দা হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

PRB Post

৪ নভেম্বর, ২০২৬ এ ৬:০১ PM • 2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

গোয়েন্দা হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।

তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

তার সঙ্গে আর কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবের তিনি বলেন, আমাকে ডিবি শুধুমাত্র তার কথাই জানিয়েছে।

তবে ডিবিসি সূত্র জানিয়েছে, নিউজরুম থেকে দুজন সাংবাদিককেও নিয়ে গেছে ডিবি।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়নি। তিনি ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তার ওপর মব সৃষ্টির চেষ্টা করা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা জানাসহ অন্যান্য বিষয়ে নিয়ে কথা বলা হচ্ছে।

শুধু তাকে নিয়ে আসা হয়েছে নাকি আরও কেউ আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজিব ঘোষ নামে ডিবিসির এক সাংবাদিক আছেন, তার সঙ্গেও কথা বলা হচ্ছে।

এ বিষয়ে ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক সাংবাদিকদের বলেন, ইকবাল সোবহান চৌধুরী সাহেবকে নিয়ে যাওয়ার বিষয়টা সেটা আসলে আমরা অনেক পরে এসে জানতে পারি। আমরা যতটুকু জেনেছি উনি অফিস থেকে যখন বের হচ্ছিলেন, তখন ডিবি এসেছে। ডিবি এসে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। কেন নিয়ে যাওয়া হয়েছে, সেটা এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার না। বাট আমরা কিছু জিনিস বেইজ করে হয়তো বলতে পারি, হয়তো জুলাই রেভুলেশনের সময়ের যে মামলা ছিল, সেই বিষয়ে কি না। আমরাও ডিবিসির পক্ষ থেকে আসলে জানার চেষ্টা করছি যে কেন ওনাকে আটক করা হলো।

ডিবিসির সিনিয়র রিপোর্টার এবং ক্রাইম চিফ রাজীব ঘোষের বিষয়ে বলেন, উনি সিনিয়র একজন রিপোর্টার। ওনার সঙ্গে ডিবির একটা ভালো সম্পর্ক রয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে ওনার ভালো সম্পর্ক আছে, সেই সুবাদে বলেছে, ‘আসেন আপনার সঙ্গে একটু কথা বলি যে ব্যাপারটা কী’।

ইকবাল সোবহান ডিবিসির কোনো পদে রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাব তিনি বলেন, না, ইকবাল সোবহান চৌধুরী এখন ডিবিসিতে কোনো পদে নেই। উনি অতীতে ডিবিসির চেয়ারম্যান ছিলেন।

আরও পড়ুন